সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের যে মেলবন্ধন সৃষ্টি হয়, তা অনেক সময় পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।
রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নগরীর জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেন মন্ত্রী।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান।
অনুষ্ঠানে বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
