নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ১০টি টিম বুধবার সারাদিনজুড়ে তদারকি অভিযান পরিচালনা করেছে।
অভিযানে বাজারে চাল, ভোজ্যতেল, গ্যাস, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি, ডিম, ঔষধ ও ডায়াগনস্টিক সেবার মূল্য যাচাই করা হয়। এসময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা এবং বেশি দামে বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়।
খুলনা মহানগরে জরিমানা
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে দৌলতপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জেরিন বিউটি পার্লার এবং চাঁদনী বিউটি পার্লারকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে একই এলাকায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে বগুড়া সুইটসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া
সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে কুষ্টিয়ার মজমপুর গেট বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার এবং বিশ্বাস হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা—মোট ১৫ হাজার টাকা আদায় করা হয়।
যশোর
চাচড়া চেকপোস্ট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এস হেলথ কেয়ার সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা
ইসলামপুর রোদ দোলখোলা বাজারে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে নিউ জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা
আমুরিয়া বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে নাজমা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ
গাড়াগঞ্জ বাজারে স্বপন রেস্টুরেন্টকে অবৈধভাবে খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকার কারণে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল
কুন্দসী বাজারে আরাফাত বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টকে মোড়ক বিধি লঙ্ঘন ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট
মোল্লাহাট বাজার এলাকায় নির্ধারিত দামের বেশি দামে বিক্রি করার অপরাধে ফাইজুর রহমান ট্রেডার্সকে ৮ হাজার এবং চৌধুরী ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা—মোট ১২ হাজার টাকা আদায় করা হয়।
সাতক্ষীরা
সুলতানপুর বড় বাজার এলাকায় হারুন কসমেটিকসকে মোড়ক বিধি লঙ্ঘনের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সার্বিকভাবে অভিযানে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অধিদপ্তর।
ঊআ-মোহন চৌধুরী
