UsharAlo logo
, |

খুলনায় ফিল্ড হাসপাতাল স্থাপনের দাবি বাপা’র

ঊষার আলো
জুলাই ১৪, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল স্থাপনের দাবী জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখা। সংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা মহামারী খুলনা বিভাগে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খুলনায় করোনা চিকিৎসায় শয্যা, অক্সিজেন, জনবল ইত্যাদি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রী ৫টি ফিল্ড হাসপাতাল স্থাপনের ঘোষণা প্রদান করেছেন। ভৌত অবকাঠামোগত সংকট বিবেচনায় খুলনায় অতিদ্রুত প্রয়োজনীয় সংখ্যক শয্যাবিশিষ্ট ফিল্ড হাসাপাতাল স্থাপন অত্যন্ত জরুরী। অন্যথায় বিদ্যমান সংকট মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হয়। ইতোপূর্বে করোনা পরিস্থিতি খুলনা অঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। সীমান্তবর্তী জেলা এবং ২টি স্থল বন্দর ও ১টি সমুদ্র বন্দর দ্বারা পরিবেষ্টিত খুলনায় পার্শ্ববর্তী পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরাসহ আশপাশের জেলার করোনা রোগীদের চিকিৎসা খুলনাতেই হয়। এমতাবস্থায় যাচাইপূর্বক খুলনায় প্রয়োজনীয় সংখ্যক শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড ফিল্ড হাসপাতাল অনতিবিলম্বে স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।

(ঊষার আলো-আরএম)