খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: আরিফুল ইসলাম।
সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নিবিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: খায়রুল আনাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং সকলের সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ-ইন প্রতিরোধে মৎস্য বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ইরি চাষে ৯২ শতাংশ অর্জন সম্ভব হবে। তিনি আরও জানান, কৃষি খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধারে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি পুশ-ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাত বোর্ডে প্রদানের আহ্বান জানান, যা আয়করমুক্ত।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।