খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিপণিকেন্দ্র। এর ঐতিহ্য সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে কেডিএ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কেডিএর সম্মেলন কক্ষে খুলনা নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান বলেন, নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার, ড্রেনেজ ও আলোকসজ্জা ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং সুবিধা নিশ্চিত এবং মার্কেটের চারপাশের অবৈধ স্টল অপসারণে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে সিসিটিভি নজরদারি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাঁদাবাজি, সিন্ডিকেট ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এসব অনিয়ম দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় কেডিএর সদস্য মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
