UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানে ৫৩ হাজার টাকা জরিমানাv

Mohon Chowdhury
নভেম্বর ১৫, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা বিভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের চারটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স মুন্মজন মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ভাই ভাই ড্রাগ হাউজকে ১ হাজার টাকা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে রত্ন মহলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে খান জাহান আলী হসপিটালকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে আল্লাহর দান ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, চারটি অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঊআ-মোচৌ