UsharAlo logo
, |

খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ

Mohon Chowdhury
জুলাই ১৪, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ে ১০টি ডিসিপ্লিনে অ্যাক্রেডিটেশন কার্যক্রম চলমান রয়েছে, যার মধ্যে ছয়টি ডিসিপ্লিন সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিয়েছে। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের সিলেবাস প্রণয়ন, কার্যকর পাঠদান, সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও সময়মতো ফল প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমন একটি কাঠামোর মধ্যে আনতে হবে, যেখানে কোর্স সিলেবাস থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষিত থাকবে এবং তা ভবিষ্যতে কার্যকর নির্দেশিকা হিসেবে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী উপস্থিত ছিলেন।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী পর্ব শেষে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক অ্যান্ড বিএসি রিকোয়ারমেন্টস’ এবং ‘প্রিপেয়ারিং অ্যাক্রেডিটেশন ডকুমেন্টস: এভিডেন্স অ্যান্ড সাবমিশন স্ট্রাটেজি’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন।