খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ও ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে পরিবহন পুলে কর্মরত চালক ও কর্মচারীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, নিরাপদ যানবাহন পরিচালনায় চালক ও সহকারীদের দৃষ্টিশক্তির স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তি দুর্বল বা ঝাপসা হওয়ার কারণে সড়কে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালক ও সহযোগীদের নিয়মিত চক্ষু পরীক্ষা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, ভিশনস্প্রিং বাংলাদেশের এই বিনামূল্যের সেবাদান কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও কর্মচারীদের নিরাপদ ও দক্ষ পরিবহনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ভিশনস্প্রিং বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও এ সেবার আওতায় আনার আহ্বান জানান।
পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষুস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ভিশনস্প্রিং বাংলাদেশ প্রজেক্টের পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল। এ ছাড়া বক্তব্য দেন প্রজেক্টের সহযোগী পরিচালক (ভিএপি) উম্মে সাউদা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উপ-প্রধান প্রকৌশলী শাহ নওরোজ, এস্টেট শাখা প্রধান এস. এম. মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
