জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (এডিএম-ক্রাফট)’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। প্রকল্পটি নেদারল্যান্ডস রিসার্চ কাউন্সিলের (এনডব্লিউও) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ বাস্তবতায় গবেষণালব্ধ জ্ঞানকে মানুষের জীবনমান উন্নয়ন এবং বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এডিএম-ক্রাফট প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে কার্যকর সমাধান উদ্ভাবন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অভিযোজনভিত্তিক ডেল্টা ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান গড়ে তোলা সময়ের দাবি। তিনি বলেন, প্রকল্পটি কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় বাস্তবতাভিত্তিক সমাধান উদ্ভাবন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার ফলাফল যেন দীর্ঘমেয়াদে মানুষের উপকারে আসে, সে লক্ষ্যেই এ প্রকল্প পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. কামরুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।
পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও বিভিন্ন অংশীজন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ডেল্টা ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। কর্মশালায় দেশি-বিদেশি গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কৃষক প্রতিনিধিরা অংশ নেন।
