UsharAlo logo
, |

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাপানি ভাষার ন্যাট-টেস্ট অনুষ্ঠিত

Mohon Chowdhury
জুলাই ১১, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার আন্তর্জাতিক দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ন্যাট-টেস্ট (NAT-TEST) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষার্থী, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী এবং কর্মসংস্থানের প্রত্যাশী বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি পরীক্ষার সুষ্ঠু আয়োজনের সন্তোষ প্রকাশ করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট চালুর মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ন্যাট-টেস্ট জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের ন্যাট-টেস্টে অংশ নিতে ঢাকায় যেতে হতো। তবে সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট চালু হওয়ায় সেই ভোগান্তির অবসান হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের যাত্রা দেশের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও জাপানগামীদের জন্য আন্তর্জাতিক মানের এই পরীক্ষায় নিজ অঞ্চল থেকেই অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করেছে।