খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘Pedagogic Innovations for Reformation and Resilience’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তি দিন দিন শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে শিক্ষকদের সময়োপযোগী, নমনীয় ও উদ্ভাবনী শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। পেডাগজিক্যাল উদ্ভাবনের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি ব্যবহার নয়, বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা।
উপাচার্য আরও বলেন, কঠিন ও অনিশ্চিত সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে রেজিলিয়েন্স বা সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয় মানসম্মত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এ ধরনের জাতীয় সম্মেলন আয়োজনের জন্য তিনি বেল্টাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, শিক্ষায় সংস্কার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক পেডাগজিক্যাল ইনোভেশনের বিকল্প নেই। সময়োপযোগী শিক্ষণ-পদ্ধতি গড়ে তুলতে শিক্ষক ও গবেষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলনের কী-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মোঃ মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কী-নোট সেশন উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা। তিনি শিক্ষায় প্রযুক্তির সংযুক্তি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। দিনব্যাপী সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। পাশাপাশি একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঊআ-মোহন চৌধুরী
