বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মহানগরী আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। নায়েবে আমীর হয়েছেন অধ্যাপক নজিবুর রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।
রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী।
এ ছাড়া মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারী।
এর আগে মহানগরীর সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মহানগরী আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আমীর নির্বাচিত হন মোহাম্মদ মাহফুজুর রহমান। এ ছাড়া শূরা সদস্য নির্বাচিত হন ৩৯ জন পুরুষ ও ১৬ জন নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তনের কাফেলা। নতুন কমিটি গঠনের মূল লক্ষ্য সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কাছে ইসলামের বার্তা ও সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়া। দায়িত্বপ্রাপ্ত নেতাদের আমানতদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাঁদাবাজির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব বিষয় জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খুলনাকে চাঁদাবাজদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের পরিচয় জনগণের সামনে তুলে ধরার কথা বলেন।
তিনি খুলনার মানুষের অধিকার আদায়, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঊআ-মোচৌ
