UsharAlo logo
, |

খুলনা-মোংলা করিডোরে আধুনিক শহরায়নের পরিকল্পনা: কেডিএ চেয়ারম্যান

Mohon Chowdhury
আগস্ট ৯, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, যশোরের অভয়নগর হয়ে খুলনা থেকে বাগেরহাটের মোংলা পর্যন্ত অঞ্চলকে আধুনিক, সুপরিকল্পিত ও বসবাসযোগ্য নগরাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের চাহিদা বিবেচনায় নতুন সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা বলেন, নাগরিক সেবা সহজীকরণ এবং আগামী ৪০ থেকে ৫০ বছরের উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখে কেডিএ কাজ করছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি নিয়ম মেনে ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ না করার আহ্বান জানান।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোককনুজ জামান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। সভায় কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।