শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে সোমবার রাতে খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিন দিনের সফরে ১ সেপ্টেম্বর যশোর ও খুলনায় আসছেন। ২ সেপ্টেম্বর যশোর পিটিআই অডিটোরিয়ামে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেশন পরিচালনা করবেন। ৩ সেপ্টেম্বর খুলনার সোনাডাঙ্গাস্থ দ্য গ্র্যান্ড খুলনা হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে তিনি প্রেসব্রিফিং শেষে ঢাকায় ফিরে যাবেন।
অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান
খুলনায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, এসব সামাজিক ব্যাধি দেশের উন্নয়নের পথে বড় বাধা। এগুলো প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সেমিনারে অনলাইন জুয়া প্রতিরোধ আইন-২০২৬ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আইনে অনলাইন জুয়া পরিচালনার জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে বলে জানানো হয়।
অপপ্রচার রোধে ডিজিটাল স্বাক্ষরতার ওপর গুরুত্ব
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধ এবং নারী নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনারে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, অপপ্রচার মোকাবিলায় সবাইকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করাও জরুরি।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক হুরে জান্নাত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
