খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সবল ও দায়িত্বশীল জাতি গঠনের ভিত্তি রচিত হয় খেলার মাঠে। বইয়ের জ্ঞানের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সহনশীলতার শিক্ষা অর্জনের অন্যতম ক্ষেত্র হলো খেলাধুলা।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কেডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে জার্সি, বুট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে—এটাই প্রত্যাশা। ক্রীড়া সামগ্রী বিতরণ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি প্রয়াস।
মনা বলেন, কেডিএ কর্তৃপক্ষ সবসময় প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি সম্প্রসারণেও ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএ সচিব (উপসচিব) সৈয়দ ফারুক আহম্মদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন, কেডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
