বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সবসময় জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সাম্প্রতিক গণআন্দোলন—সব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা ছিল ঐতিহাসিক।
রোববার (২১ ডিসেম্বর) খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৯, ১১, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বন্ধু মহলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, স্বাধীনতা যুদ্ধে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সাম্প্রতিক জুলাই গণআন্দোলনে ঐক্যবদ্ধ জাতির নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, তবে জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে, ইনশাল্লাহ।
খুলনা-৩ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় নির্বাচিত হতে পারলে খালিশপুর শিল্পাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নই হবে তার অঙ্গীকার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সালেক, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ফজলে হালিম লিটন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, ১১, ১২ ও ১৩ নম্বর সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর আফরোজা জামান, মোজাফফর মাতুব্বর ও কাজী সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া একই দিনে খালিশপুর থানাধীন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করতে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ঊআ-মোহন চৌধুরী
