গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া কোনো দেশ সঠিকভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, একটি রাষ্ট্রের সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকা অপরিহার্য।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি।
রকিবুল ইসলাম বকুল বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইস্পাতকঠিন ও দৃঢ়চেতা নেতৃত্বই বিএনপির প্রতিটি নেতা-কর্মীর কাছে দেশপ্রেমের মূল প্রেরণা। তাঁর আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিই নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশনেত্রীর দেখানো পথই একমাত্র সমাধান। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনাই এখন বিএনপির প্রধান অঙ্গীকার।
সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি ও আরংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার।
এছাড়া সাবেক প্রিন্সিপাল সাকেরা বানু, বিশিষ্ট সমাজসেবক খান জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, আসলাম হোসেন মোড়ল, জুলাই যোদ্ধা মো. মাহিদুল ইসলাম (সাঈদ)সহ দৌলতপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
