বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে সুশাসন, ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তা ‘জুলাই সনদ’ নামে জাতির কাছে গৃহীত হয়েছে। এই সনদ আগামী গণভোটে জনগণের মতামতের জন্য পেশ করা হবে। তিনি বলেন, এ গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ১২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার অর্থ হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা এবং ভিন্নমতের ওপর দমন-পীড়নকে না বলা। একই সঙ্গে বিচার, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য তিনি দেশবাসী ও সকল ভোটারকে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও জেলা ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্লা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু শাখা সভাপতি ডা. হরিদাস মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, শেখ বিল্লাহ হোসেন, মাওলানা মোস্তফা কামাল ও মাওলানা আব্দুল মান্নান।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনিক সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল রাজনৈতিক দলের অধিকার ও সুযোগ-সুবিধার সমতা রক্ষা করা জরুরি। দেশে বিরাজমান সহিংসতা, সন্ত্রাস ও গুলিবর্ষণের ঘটনায় জাতি উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকল মহলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তফসিল ঘোষণার পর ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে আর্থিক অনুদান ও নানা প্রতিশ্রুতি দিচ্ছে, যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব ঘটনার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল ৯টায় ফুলতলা উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সভা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া বিকেল ৩টায় ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে এবং সন্ধ্যা ৭টায় ফুলতলার আটরা-গিলাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত পৃথক প্রতিনিধি ও সহযোগী সদস্য বৈঠকেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এসব সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
