UsharAlo logo
, |

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা, ০৮ মাঘ (২২ জানুয়ারি) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, টিক চিহ্ন মার্কাই পারে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে। তিনি গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদান করার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইমামগণ সমাজের মুখপাত্র। তাদের প্রতি জনগণের গভীর আস্থা ও সম্মান রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে জনগণকে ‘হ্যাঁ’ ভোট বা টিক চিহ্ন মার্কায় ভোট প্রদানের বিষয়ে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবেন। তবে গণভোটের ক্ষেত্রে সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে। জুমার নামাজের খুতবায় গণভোটের বিষয়টি তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান ও বাইতুল মেরাজ জামে মসজিদের খতিব আবুল ফাত্তাহ মো. নাজমুস সউদ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

ঊআ-রহমাতুল্লাহ