UsharAlo logo
, |

গণশুনানিতে বঙ্গবাসী বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশের প্রশংসা

Mohon Chowdhury
নভেম্বর ১১, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে গণশুনানি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এস এম ছাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাইজার আহমেদ। এ ছাড়া সনাক ও টিআইবির কর্মকর্তা ফয়জিয়া আমিন, রিনা পারভীন, রুমা রহমান, খুলনা সনাকের এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য মো. শাহজাহান আলী, শিরিন পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতা এবং প্রধান শিক্ষকের ব্যবস্থাপনা ও নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অভিভাবকদের বক্তব্যে বিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পায়। স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ড, ফ্লিপ বোর্ড ও কম্পিউটারসমৃদ্ধ ১২টি শ্রেণিকক্ষ, আইসিটি ল্যাব, রোবোটিক্স কর্নার, লাইব্রেরি, তিনটি বিজ্ঞানাগার, স্কাউট ডেন, ক্রীড়া কক্ষ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশের কথা তুলে ধরা হয়।

বক্তারা জানান, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়টিকে দেশের একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রশংসিত করে। এ ছাড়া খুলনা মহানগরীর একমাত্র ‘স্কুল অব ফিউচার’ হিসেবে আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া চলমান থাকার বিষয়েও আলোচনা হয়। এ উদ্যোগের জন্য অভিভাবকরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি ও সনাকের প্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তাঁরা শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

ঊআ-মোচৌ