UsharAlo logo
, |

গাবুরায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে অভিজ্ঞতা বিনিময় সভা

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পের দুই বছর পূর্তি উপলক্ষে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান, সাংবাদিক এম. এ. রশিদ, সাত-আইসিডিপি প্রকল্পের ব্যবস্থাপক সমুয়েল স্যাগমা, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

আলোচনা সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জিত সাফল্য তুলে ধরেন। ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম বাস্তবমুখী ও জনকল্যাণমূলক। বিশেষ করে সেফগার্ডিং কার্যক্রম গাবুরায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা ইতিবাচক ফল বয়ে আনবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের মানসিকতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি গাবুরার টেকসই উন্নয়নে নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং ফেইথ ইন এ্যাকশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।