UsharAlo logo
, |

গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে ঋণ দেওয়ার কথা বলে শতাধিক নিম্ন আয়ের মানুষের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি এনজিও’র বিরুদ্ধে।এসডিএস’র সরকারি রেজিস্ট্রেশন নম্বর এস ১০২৩২ (৭৯৫ / ২০১০। নিবন্ধিত ঠিকানা উত্তর রাজাসন, বিরুলিয়া রোড, সাভার-ঢাকা।

বুধবার (৩১ আগস্ট) সকালে ডেভেলপমেন্ট সোসাইটির (সিডিএস) অফিসে গিয়ে দেখা গেছে সাইনবোর্ডবিহীন অফসে তালা ঝুলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে অফিস সাজিয়ে আশপাশের দরিদ্র নারী-পুরুষদের কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙের টাকা হাতিয়ে নেয় সিডিএসের কর্মকর্তারা।

গত ২৮ আগস্ট  বিকেলে গা ঢাকা দেয় সিডিএস কর্মকর্তারা। এর গ্রাহক সংখ্যা ছিল শতাধিক। গ্রাহকদের সঞ্চয় বইয়ের হিসেব অনুযায়ী এনজিও’টি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।সিডিএস’র সদস্য ভুক্তভোগী ফালানী বেগম বলেন, ‘৬০ থেকে ৭০ হাজার টাকা জমা রাখলে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ পাওয়া যাবে এই আশায় ধারকর্জ করে এনজিওটিতে সঞ্চয় জমা করেছিলাম।

গেল রোববার দুপুরে এসে দেখি অফিসে তালা দেওয়া, সাইনবোর্ড নেই।’এই বিষয়ে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক বলেন, ‘মাত্র চার দিন হয়েছে তারা (এনজিওটি) এসেছে। আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তারা উধাও।’এ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

গ্রাহকদের সঞ্চয় বইয়ে এসডিএসের যে নম্বরটি দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার জানান, ‘এই নামে আমরা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেইনি। কিভাবে তারা এই রেজিস্ট্রেশন পেয়েছে সেটিও আমার জানান নেই।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।

তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

ঊষার আলো রিপোর্ট