UsharAlo logo
, |

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকো গেটিজ শ্রমিকদের অনশন কর্মবিরতি

Mohon Chowdhury
আগস্ট ১৮, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে খুলনায় অনশন কর্মবিরতি পালন করেছেন ওজোপাডিকোর লাইন সাহায্যকারী (গেটিজ) বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওজোপাডিকো ডিভিশন-৩ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি মো. শরিফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ থেকে ২০ বছর ধরে তারা জীবনের ঝুঁকি নিয়ে ২১ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা দিয়ে আসছেন। কিন্তু এখনো তারা স্থায়ী চাকরির সুযোগ পাননি।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, বিদ্যুৎ ভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করলেও তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘ অভিজ্ঞতাকে মূল্যায়ন করে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

পরে দুপুর সোয়া ১২টার দিকে ওজোপাডিকো ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঈন উদ্দিন এবং ডিভিশন-৩-এর নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান। এ সময় তারা শ্রমিকদের দাবি শোনেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কর্মসূচি থেকে শ্রমিক নেতারা তাদের ন্যায্য দাবি ও মানবিক পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।