UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে স্মারকলিপি

ঊষার আলো ডেক্স
জুলাই ২১, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের মাধ্যমে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতারা এ স্মারকলিপি প্রদান করেন। বিভাগীয় কমিশনার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাতসহ বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনা সদর থানার শান্তিধাম মোড় এলাকায় কয়েকজন সাংবাদিক একটি চায়ের দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিতে সাংবাদিক রকিবুল ইসলাম মতির বসে থাকা টুলে আঘাত লাগে এবং একটি গুলি সাংবাদিক আব্দুল আওয়াল শেখের বুকের ডান পাশ ঘেঁষে চলে যাওয়ায় তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনায় অতীতে একাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে গেছে। ফলে বর্তমান হামলার মতো ঘটনাও ঘটতে উৎসাহিত হয়েছে বলে সাংবাদিক নেতারা অভিযোগ করেন।

এতে আরও উল্লেখ করা হয়, ঘটনার এক সপ্তাহ পার হলেও হামলার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও হামলাকারীদের শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এতে খুলনার সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার জন্যও গুরুতর হুমকি। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।