চিকিৎসা প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং তাইওয়ানের ন্যাশনাল চেং কুং ইউনিভার্সিটি (এনসিকেইউ)-এর মেডিকেল ডিভাইস ইনোভেশন সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং তাইওয়ানের ন্যাশনাল চেং কুং ইউনিভার্সিটির পক্ষে মেডিকেল ডিভাইস ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. ফং-চিন সু স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় থেরাপিউটিক ফুটওয়্যার, ফুট অর্থোটিক্স, হিউম্যান মুভমেন্ট বায়োমেকানিক্স এবং স্মার্ট ওয়্যারেবল সিস্টেমসহ আধুনিক ও সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ বৈজ্ঞানিক সেমিনার আয়োজন এবং বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুটওয়্যার ও ম্যাটেরিয়াল সায়েন্সে দক্ষতা এবং এনসিকেইউ-এর বায়োমেকানিক্স ও মেডিকেল ডিভাইস উন্নয়নের অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের চিকিৎসা সরঞ্জাম উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত ফুটওয়্যার এবং কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ উন্নয়নে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম কাদেরসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
