পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই খুলনা গড়তে উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, খুলনা শুধু একটি অঞ্চল নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এ অঞ্চলের উন্নয়নে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও ভবিষ্যৎ পরিকল্পনায় জনগণের ভাবনা যুক্ত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শনিবার (১১ জুলাই) সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, আগামীর খুলনাকে উন্নত যোগাযোগব্যবস্থা, পরিকল্পিত আবাসন, কার্যকর ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ পরিবেশসমৃদ্ধ একটি স্মার্ট ও জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য সামনে রেখে কেডিএর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, সরকারি যেকোনো উন্নয়ন পরিকল্পনা তখনই সফল হয়, যখন সেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটে। সভায় উত্থাপিত প্রতিটি পরামর্শ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
অনুষ্ঠানে কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা খুলনা অঞ্চলের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে কেডিএ চেয়ারম্যানের কাছে একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করা হয়।
সভা শেষে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা জানান, পর্যায়ক্রমে উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং খুলনাবাসীর মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
