UsharAlo logo
, |

জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দিঘলিয়ায়

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দিঘলিয়া থানাধীন এলাকায় বৃদ্ধা মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে তাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাসেম গাজীর স্ত্রী জরিনা বেগম (৭৮) তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বড় ছেলে নূর মোহাম্মদ খান (৫৫) কৌশলে নিজের নামে লিখে নিয়ে রেজিস্ট্রি করে নেন। পরে ওই জমিতে থাকা আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন গাছ কেটে বিক্রি করেন তিনি।
জরিনা বেগমের অভিযোগ, জমি নিজের নামে নেওয়ার পর থেকেই তার ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব থেকে সরে যান নূর মোহাম্মদ খান। এক পর্যায়ে তাকে নিজ বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জরিনা বেগম জানান, তার মোট সাতজন ছেলে-মেয়ে রয়েছে। ঘটনার পর তিনি ন্যায়বিচারের আশায় দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
দিঘলিয়া থানায় এ সংক্রান্ত সাধারণ ডায়েরি নম্বর ৮১২, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ ইং রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।

ঊআ-মোহন চৌধুরী