জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি কলসি প্রদর্শন কর্মসূচি পালন করেছে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর প্রাণ ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে এ ব্যতিক্রমী প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) কর্মসূচিতে সহযোগিতা করে। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস, গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে।
তাঁরা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা ও পরিবেশগত বিপর্যয়ের মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী দায়ী নয়। অথচ তারাই প্রতিনিয়ত এর ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছেন। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীকে দিতে হবে। এটি কোনো দান, ঋণ বা অনুদান নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মন্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শওকত হোসেন প্রমুখ।
ঊআ-মোচৌ
