ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।
শনিবার (১১ জুলাই) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ ও ‘হেলথ সেল’-এর জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শফিকুল আলম তুহিন বলেন, ভারী বর্ষণ ও আকস্মিক দুর্যোগে নগরীর হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের ঘরে রান্না হচ্ছে না, শিশুরা খাদ্যসংকটে রয়েছে এবং বয়স্করা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবার প্রধান দায়িত্ব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে যেতে হবে। এক মুঠো শুকনো খাবার বা এক বোতল বিশুদ্ধ পানিও অনেক পরিবারের জন্য জীবন রক্ষার সহায়ক হতে পারে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও হেলথ সেলের সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মহানগরীর জলাবদ্ধ এলাকায় থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক মাঠে থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে মহানগর বিএনপিকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দুর্গত শিপইয়ার্ড সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রোববার (১২ জুলাই) জরুরি ভিত্তিতে সড়কের খানাখন্দ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আড়ংঘাটা এলাকায় সড়ক সংস্কারে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।
দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত রোগসহ যেকোনো স্বাস্থ্যগত জরুরি প্রয়োজনে মহানগর বিএনপির ‘হেলথ সেল’-এর হটলাইন নম্বর ০১৭১৫০০১৯৫৫ ও ০১৭১১০১৭৪৭৬-এ যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
