UsharAlo logo
, |

জাতীয় নগর নীতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
জুন ২৪, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের দ্রুত নগরায়ন যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে, তেমনি আবাসন, অবকাঠামো, পরিবেশ, নগর সেবা ও সামাজিক বৈষম্যের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। এ বাস্তবতায় জাতীয় নগর নীতি-২০২৫ একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ, যা দেশের নগর উন্নয়নকে সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় নগর নীতি-২০২৫ : শহর পর্যায়ের অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়।

প্রশাসক বলেন, জাতীয় নগর নীতি-২০২৫ ভবিষ্যতের নগর ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত, টেকসই ও জনগণকেন্দ্রিক করার ভিত্তি তৈরি করবে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে খুলনার গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই নগরীর জলাবদ্ধতা, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন ও নগর দারিদ্র্যের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই।

তিনি জাতীয় নগর নীতি-২০২৫-এর সফল বাস্তবায়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব অংশীজনের সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক নগর উন্নয়ন বিশেষজ্ঞরা জাতীয় নগর নীতির লক্ষ্য, কৌশল ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অংশীজনদের সমন্বয় জোরদার এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বক্তারা টেকসই নগর উন্নয়নে প্রকৃতি-ভিত্তিক সমাধান ও স্থানীয়ভাবে পরিচালিত উন্নয়ন পদ্ধতির গুরুত্বও তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বৃটিশ হাইকমিশনের ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুড অ্যাডভাইজার ও ডেপুটি টিম লিডার এবিএম ফিরোজ আহমেদ, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং কুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ মনজুর। স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. শাকিল আখতার। এছাড়া জাতীয় নগর নীতির সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট এস. এম. আবদুল্লাহ আল মাসুম।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, নগর পরিকল্পনাবিদ, গবেষক, একাডেমিক, বেসরকারি খাত, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।