জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতি বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানাবিধ প্রতিযোগিতার মাধ্যমে তাদের সুকুমার বৃত্তি, সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় দেয়। আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মন, মেধা ও মননশীলতার বিকাশ ঘটাচ্ছে। তিনি আরও বলেন, এই আয়োজন সফল করতে প্রতিযোগীদের পেছনে অভিভাবক ও শিক্ষকদের নীরব অবদান অনস্বীকার্য।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস. এম. সাজজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী দিনব্যাপী ১৯টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
ঊআ-মোহন চৌধুরী
