UsharAlo logo
, |

জিয়ার শাহাদাতবার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপির ছয়দিনের কর্মসূচি

Mohon Chowdhury
মে ২৩, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে ছয়দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা বিএনপি।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সঞ্চালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় নেতৃবৃন্দ বলেন, জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোচিত ভূমিকা ও দেশপ্রেম জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩০ মে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা। এছাড়া প্রতিটি ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। মহানগর বিএনপির সঙ্গে যৌথভাবে ৩০ মে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে কর্মসূচি চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

এছাড়া সীমিত আয়ের মানুষ, ভবঘুরে, অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, এতিমখানায় খাবার প্রদান এবং স্ব স্ব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি ও পুস্তক প্রদর্শনীর আয়োজনও থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা থেকে বিএনপির নাম ব্যবহার করে কোরবানি বা কাঙালিভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ না করার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়।

ঊআ-মোচৌ