UsharAlo logo
, |

জুলাই শহীদের প্রতি সম্মান দেখাতে গণভোটে ‘হ্যাঁ’ আহ্বান হেলালের

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-2 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, জুলাই শহীদের প্রতি সম্মান জানাতে আসন্ন গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে দু’টি ভোট—গণভোট ও সাধারণ নির্বাচন—অনুষ্ঠিত হবে। গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ১৭, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বাশতলা, ইসলামাবাদ, বানরগাতি, মেঠেরপুল, বসুপাড়া, টিএসসি, বিহারী কলোনীর মোড়, আমতলা, শেরে বাংলা রোড, বরকাতিয়া, সোনাডাঙ্গা, হাফিজনগর ও আল ফারুক সোসাইটি এলাকাসহ বিভিন্ন স্থানে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এডভোকেট হেলাল চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “যারা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতে মাদক ব্যবসার লাভের ভাগ নেয়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ধাপ অতিক্রম করেছি। ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে আমরা সামনে এগিয়ে যাব, নাকি পেছনে ফিরে যাব। চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ফয়সালা এই নির্বাচনেই হবে।”

গণসংযোগকালে ২৬ নম্বর ওয়ার্ডের আমীর মাওলানা ছফির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, মাস্টার এনায়েত আলী, ব্যাংকার আরিফ মোল্লা, মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, বেলাল হোসেন, রুম্মান তালুকদার, শাহ আলম, শামীম হাসান, টুটুল, জিন্নাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ