UsharAlo logo
, |

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের গণমিছিল

Mohon Chowdhury
আগস্ট ১, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতারা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি। তিনি বলেন, দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত রাখতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজীসহ অন্যান্য নেতারা।

সমাবেশে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি সর্বজনীন আন্দোলন, যার লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি গণমিছিল নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়, পাওয়ার হাউস মোড় ও ফেরিঘাট মোড় প্রদক্ষিণ করে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।