UsharAlo logo
, |

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের আহ্বান জামায়াত নেতার

Mohon Chowdhury
জুলাই ২৯, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। ফলে দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (২৯ জুলাই) নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত থানা আমীর/সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংস্কারের বিষয়গুলো সংসদে উত্থাপন করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা উচিত ছিল। তিনি দাবি করেন, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তির কারণেই জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে দলটি ভিন্ন অবস্থান নিয়েছে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মেনে নিতে বাধ্য হবে। তাঁর অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও নির্বাচন; কিন্তু নির্বাচনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনার বিচার দাবি করে মাহফুজুর রহমান বলেন, গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার, দুর্নীতি ও প্রশাসনের দলীয়করণসহ সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া উচিত। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোরও বিচার করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দেন খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি মুকাররাম বিল্লাহ আনসারী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসাইন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, শেখ মোহাম্মদ অলিউল্লাহ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল গফুর প্রমুখ।