ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে, তারা দেশের স্বার্থকে যথাযথ অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, তারা জনগণের প্রত্যাশা ও মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে।
বুধবার বিকেলে খুলনার পাওয়ার হাউজ মোড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে নৈতিক নেতৃত্ব ও সঠিক নীতির বিকল্প নেই। ইসলামের নামে অনৈতিক বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড পরিচালনা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও তিনি মন্তব্য করেন।
মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন, কর্মসংস্থান বৃদ্ধি ও জনকল্যাণে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি। জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠের বিরোধী দল হিসেবে জনগণের দাবি আদায়ে কাজ করে যাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
