UsharAlo logo
, |

ডুমুরিয়ায় বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

Mohon Chowdhury
জুন ২৪, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি ও স্থিতিশীলতা। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বিএনপি রাজপথে থেকেই কঠোরভাবে প্রতিহত করবে। তিনি বলেন, বাংলাদেশকে আর কোনোদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না।

মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম ও মশিউর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত হয়ে তারা নগরীর জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে পৃথকভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।