UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্তদের সহায়তায় খুলনা মহানগর ছাত্রদলের রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি

Mohon Chowdhury
আগস্ট ৩০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মোকাবিলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে খুলনা মহানগর ছাত্রদল। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় মহানগর ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, গত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর প্লাটিলেট কমে গেলে দ্রুত রক্তের প্রয়োজন হয়। মহানগর ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রক্তদাতার তালিকা প্রস্তুত ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ সময়োপযোগী এবং জনকল্যাণমূলক পদক্ষেপ।

প্রধান অতিথি জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় খুলনা মহানগর বিএনপি ২৪ ঘণ্টার চিকিৎসাসেবা নিশ্চিত করতে কল সেন্টার ও হেলথ সেন্টার চালু করেছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সেখানে সার্বক্ষণিক সেবা দিচ্ছে। এছাড়া ডেঙ্গু রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতালে অতিরিক্ত ৫০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া এমদাদুল হক।

বিএল কলেজের পাশাপাশি খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এমএম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজে একযোগে কর্মসূচি পালিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী এবং চিকিৎসকরা অংশগ্রহণ করেন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন, সদস্য সচিব ডা. এস এম কামরান হোসেন এবং ডা. সুদীপ্ত কুমার পাল।

মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন ক্যাম্পাসে স্থাপিত বুথগুলো থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও রক্তদাতা সমন্বয়ের কাজ পরিচালনা করা হবে।