UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু পরিস্থিতি মহামারীর রূপ নিয়েছে, বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি জামায়াত নেতার

Mohon Chowdhury
আগস্ট ২৭, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, খুলনা নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ ও মহামারীর রূপ ধারণ করেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং প্রাণহানির ঘটনা এটিকে সাধারণ স্বাস্থ্য সমস্যার সীমা ছাড়িয়ে জনজীবনের জন্য গুরুতর হুমকিতে পরিণত করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে রোগীদের ওয়ার্ড, বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। অনেক পরিবারের একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি ও কার্যকর ব্যবস্থাপনার ঘাটতি ছিল। রোগীর চাপের কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়ছেন। এ অবস্থায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।

মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনছারীর সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোর্তজা বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর এবং আইটি বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন।

মতবিনিময় সভায় মহানগরী আমীর বলেন, নগরীর বিভিন্ন ড্রেন, নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। এছাড়া বাসাবাড়ির ছাদ, ফুলের টব, অব্যবহৃত পাত্র, এসি ও ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতেও এডিস মশা ডিম পাড়ে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিরুনি অভিযান এবং স্প্রে কার্যক্রম অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।