UsharAlo logo
, |

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মোবাইল কোর্ট, দুই ব্যক্তিকে জরিমানা

Mohon Chowdhury
আগস্ট ১৮, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

 

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মহানগরীর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ক্রাশ প্রোগ্রামের আওতায় মঙ্গলবারও নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের তৃতীয় দিনের অভিযানে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের টিবি ক্রস রোড এলাকায় বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন রাখার দায়ে মো. ইয়াছিনকে ৩ হাজার টাকা এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল শনাক্ত ও নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাড়ি বা স্থাপনার ভেতরে মশার লার্ভা কিংবা প্রজননস্থল পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নগরবাসীকে টায়ার, কৌটা, ডাবের খোল, ফুলের টব, বেসিন, ফ্রিজ ও এসির পাশে জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

অভিযানে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান ও কেএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেসিসি।