UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, মোবাইল কোর্টে জরিমানা

Mohon Chowdhury
আগস্ট ২৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে কেসিসি সর্বাত্মকভাবে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রায় তিন মাস আগে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছিল। সেই সতর্কবার্তার পর থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে কেসিসি ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন-নর্দমা ও খাল পরিষ্কার, ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড স্প্রে এবং লার্ভিসাইড প্রয়োগসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরজুড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হচ্ছে।

প্রশাসক বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য আবাসস্থলের নিকটবর্তী স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ডেঙ্গুসহ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে।

পরে তিনি রূপসা ভেড়িবাঁধ এলাকার হাজী আবু হানিফ মাদরাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের কেউ জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ডেঙ্গু সংক্রমণের মাত্রা বিবেচনায় নগরীকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকা বা এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে জরিমানার পাশাপাশি মালিকদের সতর্ক করা হচ্ছে।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল ও মেহেদী হাসান সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পিয়ারলেস হাসপাতালের তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন

একই দিন দুপুর ১২টায় নগরীর আহসান আহমেদ রোডস্থ আজিজ চেম্বারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘পিয়ারলেস হাসপাতাল, কলকাতা’-এর তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী এবং পিয়ারলেস হাসপাতালের গ্রুপ মার্কেটিং হেড ইন্দ্রজিৎ ব্যানার্জি। হেলথ প্লাস বিডির পরিচালক আশীষ দে ও পিয়ারলেস হাসপাতালের আন্তর্জাতিক মার্কেটিং ম্যানেজার নির্ঝর ঘোষ অনুষ্ঠান পরিচালনা করেন।

বক্তারা জানান, তথ্যসেবা কেন্দ্র চালুর ফলে খুলনার রোগীরা এখন কলকাতায় যাওয়ার আগেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা পরামর্শ, সম্ভাব্য খরচ এবং ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা স্থানীয়ভাবে পেতে পারবেন।

মোবাইল কোর্টে দুই বাসিন্দাকে জরিমানা

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের সপ্তম দিনের অভিযানে ২০ নম্বর ওয়ার্ডের ফারাজীপাড়া রোডের বাসিন্দা রিংকু ফরাজীকে ২ হাজার টাকা এবং শাহাদাত ফরাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন রাখার দায়ে তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

কেসিসি জানিয়েছে, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ বাড়ি ও স্থাপনার ভেতরে মশার প্রজননস্থল বা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। বিশেষ করে টায়ার, কৌটা, ডাবের খোল, ফুলের টব, বেসিন, ফ্রিজ ও এসির পাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।