UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সামাজিক উদ্যোগ জরুরি: মাহফুজুর রহমান

Mohon Chowdhury
আগস্ট ৩১, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক উদ্যোগ। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করতে হবে।

রোববার (৩১ আগস্ট) সকালে আড়ংঘাটা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, গত কয়েক বছরে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে, বিশেষ করে খুলনায় এর প্রকোপ বেশি। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।

তিনি বলেন, একসময় ময়ুর নদ অত্যন্ত খরস্রোতা ছিল। কিন্তু স্লুইস গেট বন্ধ থাকা এবং ময়লা-আবর্জনা জমে থাকার কারণে নদীটি এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে নদী ও জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত উদ্যোগ নিতে হবে।

মাহফুজুর রহমান আরও বলেন, খুলনা মহানগরীতে হাম, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। শিশুদের দ্রুত হামের টিকা প্রদান, এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণ এবং আক্রান্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুরসহ জনবহুল এলাকাগুলোকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে সমাজকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে নগরবাসীর পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি অসহায় ও রোগাক্রান্ত মানুষের জন্য পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিত্তবানদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

মাহফুজুর রহমান বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশারি ব্যবহারের মতো সহজ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা জামায়াতে ইসলামীর সাবেক আমীর শেখ আশরাফ হোসেন, থানা আমীর মাওলানা মনোয়ার আনসারী, সেক্রেটারি শেখ ফিরোজ আহমেদ তুহিন, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচিত্র লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।