UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের তিনদিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

Mohon Chowdhury
আগস্ট ২৯, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংসে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ঘোষিত তিনদিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ আগস্ট) বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে খুলনা সদর থানা জামায়াতের উদ্যোগে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের শান্তিধাম মোড় এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগ নয়, বরং এটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, কেবল প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অভিযানের প্রথম দিনে জনবহুল এলাকা, কাঁচাবাজার, ড্রেন, বাসাবাড়ির আঙিনা এবং নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্লিচিং পাউডার ও লার্ভিসাইড স্প্রে ছিটানো, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

তিনদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং এবং বাড়ি বাড়ি প্রচারণা চালানো হচ্ছে। বাসাবাড়ির ফুলের টব, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে।

মাহফুজুর রহমান বলেন, কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় খুলনা মহানগরীর সব থানায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

পরে তিনি নিজে ঝাড়ু ও কোদাল হাতে নিয়ে রাস্তার পাশের জমে থাকা পানি, বর্জ্য ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে অভিযানে অংশ নেন। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ছাড়া একটি সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। খুলনাকে পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জম হুসাইনসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।