UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ রোডম্যাপ ঘোষণা খুলনা মহানগর বিএনপির

Mohon Chowdhury
আগস্ট ২৫, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি বিশেষ মানবিক উদ্যোগ ও সমন্বিত রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।

লিখিত বক্তব্যে জানানো হয়, মহানগরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চিকিৎসক সংকট, পরামর্শ পেতে বিলম্ব এবং ল্যাব পরীক্ষার জটিলতা তৈরি হয়েছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয় বহনে দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে নাগরিকদের পাশে দাঁড়াতে মহানগর বিএনপি দুটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রথম উদ্যোগের আওতায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করতে ফগার মেশিন, প্রয়োজনীয় কীটনাশক ও সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জলাবদ্ধতা নিরসন, জলাভূমি পরিষ্কার, সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। এছাড়া স্থানীয় স্কুল-কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াগনস্টিক সহায়তা, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় উদ্যোগের আওতায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বাড়িতে চিকিৎসক পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ এবং সার্বক্ষণিক ফলোআপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানায় কমপক্ষে একটি করে ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় বড় ওয়ার্ডে ২০ শয্যার এবং দুটি ছোট ওয়ার্ডের জন্য যৌথভাবে সমমানের সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিটি সেন্টারে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা এবং জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর থাকবে।

সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা বলেন, অতীতে করোনা মহামারির সময়ও খুলনা মহানগর বিএনপি অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। ডেঙ্গু পরিস্থিতিতেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নগরবাসীর সেবায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখা হবে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধমূলক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মো. মাসুদ পারভেজ বাবু।

এদিকে সংবাদ সম্মেলনের পর দুপুরে এড. শফিকুল আলম মনার নেতৃত্বে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন।

প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা, ওষুধ, স্যালাইন ও ল্যাব সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

পরিদর্শনকালে ড্যাব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।