বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সর্বশক্তি নিয়োগ করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলা হবে। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে হাসপাতালে চাপ হ্রাস করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন একটি বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে নতুন উদ্যমে ও দ্বিগুণ শক্তি নিয়ে আরও বিস্তৃত ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. পরিতোশ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম এবং হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোয়াজ্জেম হোসেন।
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির এবং ডা. মোহাম্মদ কবীর উল ইসলাম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার অসীম কুমার ভৌমিক।
