UsharAlo logo
, |

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান কেডিএ চেয়ারম্যানের

Mohon Chowdhury
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, নগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়ের কারণে পরিস্থিতি একটি বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। ডেঙ্গুর মতো মারাত্মক জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় শুধু সরকার বা কোনো একক প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় কেডিএর উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও বলেন, এডিস মশা নোংরা ড্রেন বা নর্দমায় জন্মায় না; বরং বাসাবাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র কিংবা এয়ার কন্ডিশনারের জমে থাকা পানিতে তিন দিনের বেশি পানি থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই সবাইকে ‘সপ্তাহে একদিন, জমা পানি ফেলে দিন’—এই সচেতনতা কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, স্থপতি জিনিয়া হক পিংকি, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক মো. মামুনুল আবেদীন, মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার মোরতোজা আল মামুন এবং নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুনসহ কেডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।