UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তথ্য পাচার ও সংঘবদ্ধ অপরাধ

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর আশপাশের মহাসড়কে উদ্বেগজনকভাবে বাড়ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তাণ্ডব। বিদেশফেরত প্রবাসী, তাদের স্বজন কিংবা পথচারী-কেউই বাদ যাচ্ছেন না এই অপরাধী চক্রের হাত থেকে। সম্প্রতি এক প্রবাসী সুমনের কাছ থেকে অভিনব কায়দায় ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই কিংবা এর আগে জনবহুল স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কোটি টাকারও বেশি অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা স্পষ্ট করে দেয় যে, রাজধানীর অন্যতম সুরক্ষিত এলাকাটিতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই।

তবে আরও ভয়াবহ বিষয় হলো, বিমানবন্দরের ভেতর থেকেই যাত্রীদের তথ্য বাইরে অবস্থানরত ছিনতাইকারীদের কাছে পাচার হওয়ার অভিযোগ। প্রবাসীদের কাছে স্বর্ণ বা বিপুল অর্থ থাকার সুনির্দিষ্ট তথ্য কীভাবে এবং কার মাধ্যমে বাইরে যাচ্ছে, তা এখন বড় প্রশ্নের বিষয়। এ যেন শর্ষের মধ্যেই ভূত! বিমানবন্দরের ভেতরে অবস্থানরত কোনো অসাধু কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নাকি পরিবহণ চক্র-কারা এই গোপন তথ্য পাচারের সঙ্গে জড়িত, তা দ্রুত তদন্তের আওতায় আনা জরুরি। অভ্যন্তরীণ কোনো মদদ বা সুনির্দিষ্ট ছক ছাড়া একজন যাত্রীকে বিমানবন্দর থেকে বের হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে অনুসরণ করে ঘিরে ধরা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের প্রবাসী শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে অর্জিত অর্থ ও সম্বল নিয়ে দেশে ফেরেন। কিন্তু দেশের মাটিতে পা রাখা মাত্রই যদি তারা এমন সহিংসতা ও সর্বস্ব হারানোর শিকার হন, তবে দেশের ভাবমূর্তি এবং প্রবাসীদের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পর তিনজনকে গ্রেফতার করেছে, যা ইতিবাচক। তবে কেবল দু-একজনকে ধরে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিমানবন্দরের ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো পথকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে। কোনো অভ্যন্তরীণ চক্র যদি তথ্য পাচারে জড়িত থাকে, তবে তাদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করতে হবে। একইসঙ্গে বিমানবন্দরসংলগ্ন মহাসড়কগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও সিসিটিভি ক্যামেরার পরিধি বাড়ানো এখন সময়ের দাবি। বিদেশফেরত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং প্রবাসীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে এই অপরাধীচক্রের শিকড় উপড়ে ফেলতে হবে।

ঊষার আলো-এসএ