UsharAlo logo
, |

তরুণ সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম : মনা

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রীড়া শুধু সুস্থ বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতির শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন। ফুটবল এমন একটি খেলা, যা দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে।

শুক্রবার বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট বালুরমাঠে ইয়ং স্টার বয়েজ ক্লাব আয়োজিত ৩২ দলীয় জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাঠের প্রতিটি মুহূর্তের সংগ্রাম জীবনের বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। বর্তমান যুবসমাজ ফুটবল মাঠ থেকে শুরু করে সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও অতিরিক্ত স্ক্রিন-টাইমের এই সময়ে শারীরিক সক্রিয়তার গুরুত্ব বেড়েছে। নিয়মিত খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠভিত্তিক খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কেডিএ শুধু অবকাঠামো নির্মাণ বা নগর উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং সুস্থ পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে। খুলনাকে আধুনিক, প্রাণবন্ত ও যুববান্ধব শহর হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মো. মিজানুর রহমান ও মো. গাউস হাওলাদার।

পরে অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের দিলখোলা রোডস্থ মরিয়াম জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন এবং শ্রীতলাবাড়ী মন্দির নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সাবেক যুগ্ম-আহ্বায়ক কেএম বদরুল আনাম, মহানগর কৃষকদলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, সমাজসেবক খায়রুজ্জামান সজীব, শেখ আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।