UsharAlo logo
, |

তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে— খুলনা-৬ আসনে বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে— খুলনা-৬ আসনে বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “তরুণদের মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ। জনগণের সরকার ক্ষমতায় এলে কয়রা–পাইকগাছায় খেলাধুলার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং এই অঞ্চলে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ভবিষ্যতে এখানকার সুবিধাবঞ্চিত খেলোয়াড়রাই জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে—ইনশাআল্লাহ।”

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘কপিলমুনি কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা সিটি প্রেসক্লাবের আয়োজনে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. আমজাদ হোসেন।

খেলা উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল বাসার চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য ওয়াহিদ হালিম ইমরান, পাইকগাছা পৌরসভা বিএনপি সভাপতি আসলাম পারভেজ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
এড. আব্দুস সাত্তার, এসএম ইমদাদুল হক, তুষার কান্তি মণ্ডল, তৌহিদুজ্জামান মুকুল, মো. আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, এড. সুমন আহমেদ, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী, সাবরিনা আক্তার, লক্ষ্মী রানী মণ্ডলসহ স্থানীয় BNP, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচ ছিল প্রানবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

পরে এশার নামাজের পর পাইকগাছা উপজেলার চাঁদখালী কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এসএম মনিরুল হাসান বাপ্পী।