UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Mohon Chowdhury
আগস্ট ২৭, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা খুলনা শাখার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, কৃতিত্ব, নিয়মিত উপস্থিতি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে মহানগরীর খালিশপুরে বানৌজা তিতুমীরের ফেয়ারওয়েল হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য, হামদ-নাত, দেশাত্মবোধক ও ইংরেজি গান, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি নিয়মিত উপস্থিতি, বৃত্তি অর্জন এবং বিশেষ কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক এবং দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, জ্ঞানার্জন ও ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এবং দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউর রহমান। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন খুলনা শাখাসমূহের জোন ইনচার্জ আ.খ.ম. মাছুম বিল্লাহ।

সভাপতির বক্তব্যে তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য কেবল জ্ঞানার্জন নয়; বরং শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও কল্যাণ কামনা করা হয়। পরে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “আজকের মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের আলোকিত সমাজ ও সমৃদ্ধ দেশের নির্মাতা।”